সৌদি আরবের একাধিক অঞ্চলে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির সিভিল ডিফেন্স মহাপরিদপ্তর। দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কায় জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল ডিফেন্সের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা এবং নদী বা উপত্যকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যার পানিতে সাঁতার না কাটতে এবং কর্তৃপক্ষের সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, মক্কা অঞ্চলের তায়েফ, মাইসান, আদহাম ও আল আরদিয়াতসহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
একই সাথে শিলাবৃষ্টি ও তীব্র দমকা হাওয়া বইতে পারে। এছাড়া মক্কা নগরী, আল কামিল, আল জুমুম ও বাহরা এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে জাজান, আসির ও আল বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আকস্মিক বন্যা ও ধুলাঝড় তৈরি করতে পারে। মদিনা ও নাজরান অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টির সময় প্লাবিত এলাকা পার না হতে এবং চালক ও অধিবাসীদের অফিশিয়াল সতর্কবার্তা পর্যবেক্ষণ করতে তাগিদ দিয়েছে স্থানীয় প্রশাসন।


