মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই সৌদি আরবে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
আজ বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে হুথিদের ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও আকাশে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘সন্ত্রাসী হুথি গোষ্ঠীর এই উসকানিমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।’
তবে ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংসের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।
এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদির বেশ কয়েকটি অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছিল দেশটির জাতীয় আগাম সতর্কীকরণ সংস্থা (ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম)। তবে সতর্কবার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা তুলে নেওয়া হয়।
এর আগে গত সপ্তাহে ২০১৭ সালের পর প্রথমবারের মতো মক্কা নগরী লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করার অভিযোগ তোলে রিয়াদ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল হুথিরা। পরবর্তীতে কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সৌদির রাজধানী রিয়াদেও বড় ধরনের হামলা চালায় গোষ্ঠীটি, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।


