যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে (ইজেক্ট) সক্ষম হয়েছেন। তুর্কিয়ে টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্র্যাভার্স সিটির কাছে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইউনিট। টেক্সাসভিত্তিক এয়ার ন্যাশনাল গার্ডের ‘১৪৯তম ফাইটার উইং’ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, মাটিতে আছড়ে পড়ার আগেই পাইলট এফ-১৬ যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসেন। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
১৪৯তম ফাইটার উইং জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও এর পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিমান দুর্ঘটনার কারণে ঘটনাস্থলের আশপাশের এলাকায় খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতজন মানুষ এতে প্রভাবিত হয়েছেন বা কতটুকু এলাকা খালি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
মিশিগানের সিনেটর গ্যারি পিটার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ট্র্যাভার্স সিটির কাছে বিমান দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
দুর্ঘটনায় মাটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা পাইলট ছাড়া অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


