...|...|...

বিশ্ব

আইসিসির পরোয়ানার মধ্যেই জাতিসংঘে যাচ্ছেন নেতানিয়াহু, অথচ ভিসা পাননি ফিলিস্তিনি প্রেসিডেন্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:২০
Shares
আইসিসির পরোয়ানার মধ্যেই জাতিসংঘে যাচ্ছেন নেতানিয়াহু, অথচ ভিসা পাননি ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের  গাজায় গণহত্যাকারী ও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মুখে থেকেও নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কারণে এবারের অধিবেশনে সরাসরি উপস্থিত হতে পারছেন না।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গত বছরের মতো এবারও মার্কিন প্রশাসন আব্বাস ও তাঁর প্রতিনিধিদলকে ভিসা দেয়নি। ফলে ধারণা করা হচ্ছে, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।

জাতিসংঘ সদর দপ্তর চুক্তি অনুযায়ী, সদস্য ও পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের নিউইয়র্কে প্রবেশের সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে টানা দুই বছর আব্বাসের প্রতিনিধিদলকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর আইসিসি নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের এই সিদ্ধান্ত রোম সংবিধির আওতাভুক্ত দেশগুলোর জন্য আইনি বাধ্যবাধকতা তৈরি করে।

তবে যুক্তরাষ্ট্র রোম সংবিধির সদস্য নয় এবং আইসিসির এখতিয়ারও স্বীকার করে না। ফলে নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

নেতানিয়াহুর ভাষণ ঘিরে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। এর আগে ২০২৫ সালের অধিবেশনে তাঁর বক্তব্যের সময় অনেক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন। একই সঙ্গে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভও হয়েছিল।

এদিকে, আইসিসির পরোয়ানা কার্যকর না হওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। সমালোচকদের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির পরোয়ানার ক্ষেত্রে যেভাবে অবস্থান নেওয়া হয়েছিল, নেতানিয়াহুর ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না।

এ ছাড়া তুরস্ক নেতানিয়াহু ও কয়েকজন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত আইসিসির পরোয়ানা বাস্তবায়ন হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর বিমান নিউইয়র্কের পরিবর্তে নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে। এ বিষয়ে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, শহরের আইন অনুযায়ী যে পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে, সেটিই করা হবে।