রাজধানীর মিরপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নূপুর নামে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছেন তার প্রেমিক রায়হান। এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নূপুরের বাড়ি ভোলা জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, কারখানায় কাজ শেষে দুপুরের খাবারের বিরতিতে বাসার দিকে যাচ্ছিলেন নূপুর। পথে ৫ নম্বর সড়কে পৌঁছালে রায়হান ও তার সাথে থাকা কয়েকজন ব্যক্তি তার পথ আটকে হামলা চালান। এ সময় চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যান।
পরে স্থানীয়রা নূপুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, রায়হান ও নূপুরের মধ্যে প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিল। সম্প্রতি রায়হান তার পরিবারকে দিয়ে নূপুরের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। তবে নূপুর সেই প্রস্তাবে সম্মতি দেননি।
ডিসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


