...|...|...

সারাদেশ

কৃষক দল নেতা রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মাদারীপুরে রিজভী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৯
Shares
কৃষক দল নেতা রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মাদারীপুরে রিজভী

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: টাইমস টুডে

হত্যা ও নৈরাজ্যের ঠাঁই নেই এই বাংলায়’- এমন মন্তব্য করে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে। কোনো হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতে আটকে থাকবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী রাজু হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, রাজুর মৃত্যুর পর তার বাবা-মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সন্তান হত্যার বিচার দেখে যেতে পারবেন কি না, সেই শঙ্কা ও বেদনা নিয়ে দিন কাটাচ্ছেন তারা। রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে বলে তিনি নিহতের পরিবারকে আশ্বস্ত করেন।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনা বলতেন, নির্বাচন হবে ‘আমাদের আর মামুদের’। অথচ তিনি এখন পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে বসে মানুষ হত্যার পরিকল্পনা করছেন এবং নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ করেন রিজভী। তার দাবি, মানুষের প্রতি শেখ হাসিনার ভালোবাসা নেই; বরং রয়েছে হিংসা ও প্রতিহিংসা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। জেল-জুলুমের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছিল।

বিএনপি শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতি বিএনপি পছন্দ করে না। তবে ধৈর্যেরও একটি সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে আর নীরব থাকা সম্ভব হবে না। অন্য দেশের ওপর নির্ভরশীল ও আশ্রিত শক্তির মাধ্যমে দেশের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজু হত্যার বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজু ও তার মা আজ এখানে উপস্থিত রয়েছেন। তাদের চোখের পানি ও আহাজারি কখনো বিফলে যাবে না। সেই কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। এ সময় তিনি নিহতের পরিবার ও উপস্থিত নেতাকর্মীদের ন্যায়বিচারের প্রত্যাশায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে নিহত রাজু মোল্লার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন বিএনপির নেতৃবৃন্দ। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

ঘটনার পর মঙ্গলবার রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।