...|...|...

বিশ্ব

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেফতারের সিদ্ধান্তে অটল আইসিসি প্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫২
Shares
মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেফতারের সিদ্ধান্তে অটল আইসিসি প্রধান

ছবি: আইসিসি প্রেসিডেন্ট তোমোকো আকানে

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে বলেছেন, তাঁর ও আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও তিনি দায়িত্ব পালন চালিয়ে যাবেন। ‘যাই ঘটুক না কেন’ তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন বলেও জানিয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) টোকিওতে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন জাপানি নাগরিক আকানে। তিনি ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

গত মাসে যুক্তরাষ্ট্র আকানে ও আইসিসির আরেক কর্মকর্তা আবদুলায়ে সাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালটির ওপর ওয়াশিংটনের চাপ বাড়তে থাকে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিশেষভাবে চিহ্নিত ব্যক্তিদের তালিকায় আকানে ও সাইয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, আইসিসির এমন কার্যক্রমে তারা সরাসরি জড়িত, যার মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সম্মতি ছাড়া কর্মকর্তাদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

আকানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় জাপান এটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছে। দেশটি জানিয়েছে, গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে কার্যকর রাখতে জাপান ধারাবাহিকভাবে আইসিসিকে সমর্থন করে আসছে।