ইরানের ওপর চাপ আরও বাড়াতে এবার দেশটির স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রী পরিবহন ঠেকাতে নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের এই বিশেষ ইউনিটের মাধ্যমে তেহরানের সামরিক সরবরাহব্যবস্থা ব্যাহত করার পরিকল্পনা করছে ওয়াশিংটন।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার নতুন এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। প্রায় ২০ জন বেসামরিক ও সামরিক সদস্য নিয়ে গঠিত ইউনিটটির সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায়।
নতুন এই বাহিনী যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এর প্রধান লক্ষ্য ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহৃত প্রযুক্তি এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রীর পরিবহন শনাক্ত ও প্রতিরোধ করা।
এ ছাড়া ওয়াশিংটনের ভাষায় ইরানের ‘অবৈধ আয়ের উৎস’ বন্ধ করতেও কাজ করবে এই টাস্ক ফোর্স।
সেন্টকম প্রধান ব্র্যাড কুপার বলেন, ‘টাস্ক ফোর্স আয়রন গেট গঠন সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে আমাদের কঠোর অবরোধের সাফল্যকে আরও সুসংহত করবে।’
তাঁর দাবি, এই উদ্যোগের ফলে ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ এবং সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ আরও সীমিত হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে গত কয়েক মাসে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি বলে দাবি করেছে সেন্টকম।
সংস্থাটি জানিয়েছে, বিদ্যমান নৌ-অবরোধের আওতায় আরব উপসাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে। তবে মানবিক সহায়তাসামগ্রী পরিবহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই নতুন এই টাস্ক ফোর্স গঠনের ঘোষণা এল।


