কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগ দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হয়েছেন।
সংবাদমাধ্যম ইয়েনি শাফাক বলছে, শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর এটিই ট্রুডোর প্রথম বড় ধরনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
ওয়ার্ল্ড লিডার্স সার্কেল হলো বিশ্বের সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর উদ্দেশ্য সুশাসন নিয়ে গবেষণা, ভবিষ্যৎ নীতিনির্ধারকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
এই উদ্যোগে আগে থেকেই যুক্ত রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন অধ্যাপক এনগাইরে উডস বলেন, ট্রুডোকে তাঁদের প্রতিষ্ঠানে স্বাগত জানাতে পেরে তাঁরা আনন্দিত। এক দশকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আন্তর্জাতিক নেতৃত্ব ও নীতিনির্ধারণসংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ট্রুডো বলেন, তাঁর শাসনামলে বিশ্ব ভূরাজনীতি ও প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন নতুন ধরনের নেতৃত্বের প্রয়োজনীয়তা তৈরি করেছে।
তিনি আরও বলেন, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করতে চান। পাশাপাশি আরও অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, টানা প্রায় এক দশক কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৫ সালে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো।


