...|...|...

বিশ্ব

ইউরোপের গুরুত্বপূর্ণ টানেল প্রকল্পে সাইবার হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৫ | আপডেট: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৩
Shares
ইউরোপের গুরুত্বপূর্ণ টানেল প্রকল্পে সাইবার হামলা

ছবি: সংগৃহীত

ইউরোপের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প অস্ট্রিয়া ও ইতালিকে সংযুক্তকারী ব্রেনার বেস টানেল সাইবার হামলার শিকার হয়েছে। হামলার পেছনে রুশভাষী হ্যাকার গোষ্ঠী ‘এভারেস্ট’ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, শুক্রবার (৬ নভেম্বর) অস্ট্রিয়ার সংবাদমাধ্যম তিরোলার তাগেসৎসাইটুংকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে টানেল প্রকল্পের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বিবিটি এসই।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে হ্যাকাররা প্রতিষ্ঠানটির অনলাইনে সংযুক্ত কিছু তথ্যভান্ডারে প্রবেশ করতে সক্ষম হয়। পরে চুরি হওয়া কিছু তথ্য ডার্ক ওয়েবেও প্রকাশিত হয়।

মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিরোফক্সের বিশ্লেষণ অনুযায়ী, সন্দেহভাজন ‘এভারেস্ট’ একটি আন্তর্জাতিক সাইবার চাঁদাবাজ চক্র। গোষ্ঠীটি বিভিন্ন প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য চুরি করে তা প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে।

বিবিটি এসই জানিয়েছে, হামলা শনাক্ত হওয়ার পরপরই প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্ত তথ্যভান্ডার বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও কাজ করছেন।

তবে হ্যাকারদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না কিংবা তাদের অর্থ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি কোম্পানিটি।

প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত সাইবার হামলার কারণে টানেল নির্মাণকাজ বা পরিচালনাসংক্রান্ত কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

এদিকে হামলায় ঠিক কী পরিমাণ তথ্য চুরি হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।