...|...|...

বিনোদন

বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন মুখ সামানজার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, সকাল ১০:১৫ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫০
Shares
বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন মুখ সামানজার

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয়ের পর এবার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামানজার সাঈদ।

রবিবার (৯ আগস্ট) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে প্রতিযোগিতার বৈশ্বিক আসর। এতে অংশ নিতে শনিবার (৮ আগস্ট) দেশ ছাড়বেন তিনি। বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।

 সামানজার বলেন, ‘ছোটবেলা থেকেই সুন্দরী প্রতিযোগিতা দেখতে ভালো লাগত। তবে কখনো ভাবিনি, নিজেই এমন একটি মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাব। একটাই চাওয়া, আত্মবিশ্বাসের সাথে নিজের সেরাটা তুলে ধরে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা সামানজার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। গ্র্যাজুয়েশন শেষ করেই কৌতূহল থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এ অংশ নেন। প্রথমবারেই জিতে নেন মুকুট।

প্রতিযোগিতার পর ব্যক্তিত্ব উন্নয়ন ও আন্তর্জাতিক উপস্থাপনা বিষয়ে বিশেষ গ্রুমিং নিয়েছেন তিনি।

তার মতে, এটি শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; বরং ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও সামাজিক দায়বদ্ধতা তুলে ধরারও একটি মঞ্চ। চার বছর কথক ও ভরতনাট্যম নাচের প্রশিক্ষণ নিয়েছেন সামানজার। গান, নাচ, খেলাধুলা ও চলচ্চিত্র দেখতে ভালোবাসেন। ভবিষ্যতে ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়েও কাজ করার ইচ্ছা রয়েছে তার।

আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে বাংলাদেশের হয়ে লড়বেন সামানজার সাঈদ।