...|...|...

খেলা

সেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে স্পষ্ট বার্তা জামাল ভূঁইয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৫
Shares
সেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে স্পষ্ট বার্তা জামাল ভূঁইয়ার

জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি কোনো গোল হজম না করায় আত্মবিশ্বাসী লাল-সবুজের দল। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ চারের লড়াইকে সহজভাবে নিতে চান না অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, শ্রীলঙ্কার চেয়ে শক্তিশালী দল পাকিস্তান। তাই সেমিফাইনালে নামার আগে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) পল্টনের জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এবিজি স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন জামাল। এ সময় পাকিস্তানকে নিয়ে সতর্কবার্তা দেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে জামাল বলেন, ‘(শ্রীলঙ্কার বিপক্ষে) ম্যাচ ভালো ছিল। আমরা চারটা গোল করেছি, এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিনশিট আবারও করেছি, তাই সব মিলিয়ে আমরা সবাই তৃপ্ত এবং খুশি। এখন মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। কারণ, আমি মনে করি, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’

সাফের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হারলেও মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ‘বি’ গ্রুপের রানার্সআপ হওয়া দলটিকে তাই কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন জামাল।

এদিকে টানা ম্যাচ ও চোটের কারণে বাংলাদেশ শিবিরে কিছুটা উদ্বেগ রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে গোড়ালির টেন্ডনে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। বিশ্বনাথ ঘোষ ও তপু বর্মণও এখনো পুরোপুরি ফিট নন। এমন পরিস্থিতিতে পুরো স্কোয়াডের বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন জামাল।

তিনি বলেন, ‘পুরো স্কোয়াড দরকার আমাদের। কারণ, গতকাল ম্যাচ ছিল, দুই দিন পর আবার ম্যাচ আছে। আমি মনে করি, আমাদের পুরো স্কোয়াড প্রয়োজন। এখন সাদ উদ্দিন চোট পেয়েছে। অবশ্যই ওইখানে বিকল্প লাগবে। আপনারা দেখেছেন হৃদয় সেন্টার ব্যাক হিসেবে খেলেছে। তাই, এখন পুরো স্কোয়াড দরকার আমাদের।’