...|...|...

খেলা

২১ ছক্কার তাণ্ডব, ডাবল সেঞ্চুরিতে রেকর্ডবুকে জ্যাকবস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:০২
Shares
২১ ছক্কার তাণ্ডব, ডাবল সেঞ্চুরিতে রেকর্ডবুকে জ্যাকবস

বেভন জ্যাকবস। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে সামর্থ্যের জানান দিয়েছিলেন বেভন জ্যাকবস। এবার নিউজিল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ব্যাটিং তাণ্ডব চালালেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। মাত্র ১৩৭ বলে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিল অবিশ্বাস্য ২১টি ছক্কা। অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়তে না পারলেও নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন জ্যাকবস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইডেন পার্ক আউটার ওভালে ওটাগোর বিপক্ষে অকল্যান্ডের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন তিনি। ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন জ্যাকবস। তার ২০২ রানের ইনিংসে ছিল ২১টি ছক্কা।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড এখনো অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের দখলে। ২০১৮ সালে সিডনিতে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৮ বলে ২৫৭ রান করার পথে ২৩টি ছক্কা মেরেছিলেন তিনি। জ্যাকবসের প্রয়োজন ছিল আর মাত্র দুটি ছক্কা।

এই ইনিংসের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন জ্যাকবস। তার আগে এই তালিকায় নাম লিখিয়েছেন জেমি হাও (২০১২), মার্টিন গাপটিল (২০১৫) ও চ্যাড বোয়েস (২০২৪)। মজার বিষয়, লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি ছিল জ্যাকবসের মাত্র ৩৩তম ম্যাচ।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া জ্যাকবস তিন বছর বয়সে পরিবারের সাথে নিউজিল্যান্ডে চলে যান। ২০২৩-২৪ মৌসুমে সুপার স্ম্যাশে ক্যান্টারবুরি কিংসের হয়ে ফিনিশার হিসেবে নজর কাড়েন তিনি। সেই আসরে ছয় ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে ১৩৪ রান করেন। অন্তত ৫০ বল খেলা ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইক রেট ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৪ সালের শেষ দিকে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় জ্যাকবসের। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১৩৬ রান করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন। এখন পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে ও টেস্টে অভিষেক হয়নি তার। ফোর্ড ট্রফির এই বিধ্বংসী ইনিংস এবার নিউজিল্যান্ডের ওয়ানডে দলেও জায়গা পাওয়ার দাবি জোরালো করল।