বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর আগমন নতুন সম্ভাবনা তৈরি করেছে। মাঠের পারফরম্যান্সে যেমন নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন, তেমনি নেতৃত্বেও আস্থা অর্জন করছেন এই মিডফিল্ডার। জাতীয় দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখেও হামজা বাংলাদেশের সম্ভাব্য সর্বকালের সেরা ফুটবলার। শুধু তারকাখ্যাতি নয়, মাঠের পারফরম্যান্স ও নেতৃত্বের যোগ্যতার কারণেও হামজাকে এগিয়ে রাখছেন জামাল।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করেন হামজা। ম্যাচে গোল করার পাশাপাশি তার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
বৃহস্পতিবার হামজার অধিনায়কত্ব প্রসঙ্গে জামাল বলেন, ‘হামজা এটা ডিজার্ভ করে। ও ভালো খেলেছে। আর হামজা সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার। অবশ্যই সে সবচেয়ে বড় তারকা, দলের সেরা খেলোয়াড়। হামজার জন্য আমি খুব খুশি।’
দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্ব দেওয়া জামালের কাছ থেকে এমন প্রশংসা হামজার গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। জাতীয় দলে অভিষেকের পর থেকেই নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে আলাদা জায়গা তৈরি করেছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলার। এবার অধিনায়ক হিসেবেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট জামাল। চার গোল করার পাশাপাশি প্রতিপক্ষকে কোনো গোল করতে না দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তবে গ্রুপ পর্বের জয় নিয়ে বেশি সময় ভাবতে চান না এই মিডফিল্ডার। কারণ, সেমিফাইনালে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ পাকিস্তান।
জামাল বলেন, ‘ম্যাচ ভালো ছিল। আমরা চার গোল করেছি, এটা ভালো ব্যাপার। আবার ক্লিন শিটও রেখেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচে। কারণ আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’
সেমিফাইনালের আগে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে খেলোয়াড়দের ফিটনেস ও বিকল্পের অভাব। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, এক ম্যাচ খেলার মাত্র দুই দিন পরই পরবর্তী ম্যাচে মাঠে নামতে হচ্ছে দলকে। ফলে মূল একাদশের পাশাপাশি বেঞ্চের খেলোয়াড়দেরও প্রস্তুত রাখা জরুরি বলে মনে করছেন জামাল।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এর মধ্যে সাদ উদ্দিনের চোটও দলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়ের প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দিয়েছেন জামাল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো স্কোয়াড দরকার। কারণ একটা ম্যাচের দুই দিন পরই আবার খেলতে হচ্ছে। সাদ উদ্দিন চোট পেয়েছে। অবশ্যই সেখানে বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয় সেন্টার ব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডের সবাইকে দরকার।’



