...|...|...

খেলা

১৬০ রানে শেবাগপুত্রের চমক, ভাইরাল কোহলির সেই পুরোনো পরামর্শ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৭
Shares
১৬০ রানে শেবাগপুত্রের চমক, ভাইরাল কোহলির সেই পুরোনো পরামর্শ

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগের ব্যাটিং নৈপুণ্যে মুগ্ধ ক্রিকেটাঙ্গন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় এসেছেন তিনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিরাট কোহলির সাথে আর্যবীরের একটি পুরোনো ভিডিও। সেখানে তরুণ এই ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে দেখা যায় ভারতীয় তারকা ব্যাটারকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ইউএইর বিপক্ষে ১৬৮ বলে ১৬০ রান করেন আর্যবীর। ১৭টি চার ও ৭টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ইউএই অনূর্ধ্ব-১৯ দলকে ৭০ রানে হারায় ভারত।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রাখেন আর্যবীর। তিন নম্বরে ব্যাট করতে নামা ভিকে বিনীত করেন ৬৭ রান। তৃতীয় উইকেটে আর্যবীর ও বিনীতের ১৯৩ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইউএই। ভারতের হয়ে ডানহাতি পেসার ইশান সুদ ৭ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। দলের অন্য ছয় বোলারও একটি করে উইকেট নেন। ফলে ২৩৯ রানেই শেষ হয় ইউএইর ইনিংস।

আর্যবীরের ব্যাটিংয়ের পাশাপাশি আলোচনায় এসেছে কোহলির সাথে তার পুরোনো ভিডিওটি। সেখানে দেখা যায়, একসময় কোহলির সাক্ষাৎকার নিয়েছিল শেবাগপুত্র। কথোপকথনের একপর্যায়ে ভারতীয় তারকার কাছে একটি বিষয়ে জানতে চায় সে।

আর্যবীর কোহলিকে জানায়, ১৪ বা ১৫ বছর বয়সে আশিস নেহরার কাছ থেকে একটি পুরস্কার পেয়েছিল সে। পরে নেহরা যখন কোহলির নেতৃত্বে খেলেছেন, তখন বিষয়টি কেমন লেগেছিল, তা জানতে চায় তরুণ এই সাংবাদিক।

জবাবে কোহলি তাকে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘এ কারণেই আমি বলি, সব সময় ভাববে আমি পারব।’

এদিকে ইউএইকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের দুটিতে জিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে আটবারের চ্যাম্পিয়নরা। এই গ্রুপে শীর্ষে রয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল দলটি। এর আগে নেপালকেও হারিয়েছিল ভারত।