মাঠে গতির ঝড় তুলে ব্যাটারদের ঘায়েল করেন অর্শদীপ সিং। এবার ক্রিকেটের বাইরে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের এই বাঁহাতি পেসার। অভিনেত্রী ও মডেল সামরিন কৌরের সাথে বাগদান সেরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই ক্রিকেট ও বিনোদনজগতে শুরু হয়েছে আলোচনা।
বুধবার (১১ নভেম্বর) নিউজিল্যান্ডের মনোরম পরিবেশে বাগদান সম্পন্ন করেন অর্শদীপ ও সামরিন। ভারতীয় দলের সাথে ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছেন এই পেসার। খেলার ব্যস্ততার মধ্যেই হবু জীবনসাথীকে চমকে দিতে বিশেষ এই আয়োজন করেন তিনি।
প্রকাশিত ছবিতে দেখা যায়, এক হাঁটু গেড়ে বসে হাতে হীরার আংটি নিয়ে সামরিনকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন অর্শদীপ। ছবির ক্যাপশনে দুজন লিখেছেন, জীবনের অনেক প্রাপ্তির মধ্যে একে অপরকে খুঁজে পাওয়াই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ।
অর্শদীপ ও সামরিনের সম্পর্ক নিয়ে গুঞ্জন অবশ্য বেশ আগে থেকেই ছিল। আইপিএলে পাঞ্জাব কিংসের ম্যাচে গ্যালারিতে বসে অর্শদীপকে উৎসাহ দিতে দেখা গিয়েছিল সামরিনকে। পরে ধর্মশালায় দুজনের একসাথে ঘোরাঘুরির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে।
জম্মু ও কাশ্মীরের মেয়ে সামরিন ২০১৮ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় নিজ অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। অভিনয় করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘নেলপলিশ’ ও পাঞ্জাবি সিনেমা ‘সরদার জি ২’-তে। পাশাপাশি জুবিন নটিয়াল, বাদশা ও গুরু রনধাওয়ার মতো শিল্পীদের মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।
অর্শদীপের বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। ক্রিকেটের মাঠের বাইরে তার জীবনের নতুন ইনিংস নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। এবার তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ভক্তরা।


