...|...|...

খেলা

ফিফার বিশেষ দায়িত্বে বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৯
Shares
ফিফার বিশেষ দায়িত্বে বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী

সুনীল ছেত্রী। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে গোল করে পরিচিতি পাওয়া ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী এবার জায়গা করে নিয়েছেন ফিফার বিশেষ সামাজিক উদ্যোগে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রামে’ প্রথম পুরুষ ফুটবলার হিসেবে যুক্ত হয়েছেন তিনি। ফুটবলারদের জনপ্রিয়তা ও সামাজিক প্রভাব কাজে লাগিয়ে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

২০২৫ সালে শুধু নারী ফুটবলারদের নিয়ে কর্মসূচিটি চালু করেছিল ফিফা। এবার এর পরিধি বাড়িয়ে বিশ্বের ১৩ জন ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে সুনীল ছেত্রীসহ ১১ জন গত জুনে যুক্তরাষ্ট্রের বোস্টনে আয়োজিত তিন দিনের ‘ইমপ্যাক্ট অ্যাক্সিলারেটর ওয়ার্কশপে’ অংশ নেন।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য, ফুটবলারদের পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা। বিশেষ করে শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং খেলাধুলায় সবার সমান সুযোগ নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বোস্টনের কর্মশালায় অংশ নেওয়া ফুটবলাররা নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেন তারা।

ছেত্রী ছাড়াও ফিফার এই কর্মসূচিতে রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে ও ব্রাজিলের গাবি নুনেসসহ অন্যরা।

কর্মসূচির পরবর্তী ধাপে আগামী ডিসেম্বর মাসে লন্ডনে আবারও একত্রিত হবেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া ভার্চ্যুয়াল সেশনের মাধ্যমে নিজেদের সামাজিক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরবেন তারা।