...|...|...

খেলা

মেসি একজনই, তার বিকল্প কেউ আসবে না

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৫
Shares
মেসি একজনই, তার বিকল্প কেউ আসবে না

ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে ছাড়া নতুন বাস্তবতায় পথচলা শুরু করেছে আর্জেন্টিনা। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের প্রধান ভরসা হয়ে থাকা এই মহাতারকার অনুপস্থিতি এখনও মেনে নিতে পারছেন না সতীর্থরা। তবে মেসির শূন্যতা পূরণে নতুন কাউকে খোঁজার চেয়ে দল হিসেবে আরও শক্তিশালী হয়ে ওঠার ওপর জোর দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তার মতে, মেসির মতো ফুটবলার আর কখনো পাওয়া যাবে না।

সোমবার (৯ নভেম্বর) স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির বিদায় এবং আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন লিভারপুলের এই মিডফিল্ডার। সেখানে মেসিকে ছাড়া জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি জানাতে গিয়ে তিনি স্বীকার করেন, বিষয়টি এখনো তার কাছে বেশ অস্বাভাবিক।

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘বিষয়টা অদ্ভুত লাগবে। লিও যে আর আমাদের সাথে থাকবে না, সেটা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আমাদের একটা অংশ এখনও চায় সে থাকুক। কিন্তু বাস্তবতা বুঝতে হবে। নতুন একটা অধ্যায় শুরু হয়েছে এবং সেটাকে সবচেয়ে ভালোভাবে সামলাতে হবে। এখন বিশ্বের সেরা ফুটবলার আমাদের সাথে নেই। তাই দল হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।’

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলেন আর্জেন্টিনার এই অধিনায়ক। ম্যাচটিতে ৩-০ গোলের জয়ের পথে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান তিনি।

মেসির বিদায়ে আর্জেন্টিনা হারিয়েছে দলের সবচেয়ে প্রভাবশালী ফুটবলারকে। তবে তার জায়গায় অন্য কাউকে বসিয়ে সেই ঘাটতি পূরণ করা সম্ভব নয় বলে মনে করেন ম্যাক অ্যালিস্টার। বরং নতুন ও পুরোনো খেলোয়াড়দের সমন্বয়ে দলকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি।

আর্জেন্টাইন এই মিডফিল্ডার বলেন, ‘আর্জেন্টিনায় সব সময়ই প্রতিভাবান ফুটবলার আছে। আমাদের অনেক ভালো খেলোয়াড় রয়েছে। বিদায় নেওয়া ফুটবলারদের জায়গায় নতুনরা আসবে। কিন্তু লিও অনন্য, তার মতো আর কেউ আসবে না।’

মেসির মতো একক নৈপুণ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা অন্য কারও মধ্যে না থাকায় দলীয় সংহতির ওপর আরও বেশি গুরুত্ব দিতে চান ম্যাক অ্যালিস্টার। তার কথায়, ‘আমাদের এখন দল হিসেবে আরও শক্তিশালী হতে হবে। কারণ, আমাদের আর এমন একজন ফুটবলার নেই, যে একাই পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এটাই এখন আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনে অনেক পরিশ্রম করতে হবে।’

তবে আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে হতাশ নন ২৭ বছর বয়সী এই ফুটবলার। বরং তরুণদের নিয়ে আশাবাদী তিনি। বিশেষ করে ইতালির ক্লাব কোমোর হয়ে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজের প্রতিভায় মুগ্ধ ম্যাক অ্যালিস্টার।

নিকোকে নিয়ে তিনি বলেন, ‘নিকো অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, সতীর্থ হিসেবে তাকে সাহায্য করা, যাতে কোমোতে যে পর্যায়ের ফুটবল খেলছে, জাতীয় দলেও সেটি ধরে রাখতে পারে। মানুষ তাকে ভালোবাসে এবং সমর্থন করে। আমরাও সব সময় তার পাশে থাকব।’

এদিকে মেসির বিদায়ের পর নতুন সমীকরণ নিয়ে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে ম্যাক অ্যালিস্টারের সামনে। তবে বাড়তি দায়িত্ব পেলেও নিজের স্বাভাবিক খেলার ধরন ধরে রাখতে চান তিনি।

এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘ব্যক্তিগতভাবে আমি প্রতিদিন যা করি, তার বাইরে আলাদা কিছু করার প্রয়োজন মনে করি না। আমি শুধু নিজের মতো থাকতে চাই, যতটা সম্ভব স্বাভাবিকভাবে খেলতে চাই।’