অধিনায়কত্বের প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের ছাপ রাখলেন হামজা চৌধুরী। সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও জালের দেখা পেয়েছেন এই মিডফিল্ডার। তার অলরাউন্ড নৈপুণ্যে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শুরু থেকেই শ্রীলঙ্কাকে চেপে ধরে স্বাগতিকেরা। অষ্টম মিনিটে ডান দিক থেকে হামজার বাড়ানো নিখুঁত ক্রসে শমিত সোম শট নিলে তা প্রথম দফায় ফিরিয়ে দেন লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা। তবে দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠাতে কোনো ভুল করেননি শমিত।
গোল পাওয়ার পর আক্রমণের তোড় আরও বাড়ায় বাংলাদেশ। ২৫তম মিনিটে ব্যাকহিল ফ্লিকে গোল করার এক দর্শনীয় চেষ্টা হাতছাড়া হলেও ৪৪তম মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ অধিনায়ক।
বাঁ প্রান্ত দিয়ে শ্রীলঙ্কার রক্ষণে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শট নেন হামজা। বল গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে জালে জড়ায়।

