...|...|...

খেলা

নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৪
Shares
নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাজকে আবেগঘন এক বার্তা দিয়েছিলেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। নিকোর হাত ধরে তিনি বলেছিলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ সম্প্রতি আর্জেন্টাইন রেডিও ‘লা রেদ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে চাচা ফাবিয়ান পাসের মাধ্যমে প্রকাশ্যে এসেছে সেই ঘটনা।

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানান মেসি। সেই দিনের স্মৃতিচারণা করে ফাবিয়ান জানান, মেসির বিদায়ী ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচ শেষে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসছিলেন নিকো। ঠিক তখনই সেখানে মেসির মা সেলিয়ার সঙ্গে দেখা হয় তার।

ফাবিয়ানের ভাষ্য অনুযায়ী, নিকোকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেলিয়া। নিকোও তাকে চিনতে পেরে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান। সে সময়ই নিকোর হাত ধরে মেসির মা বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ মেসির মায়ের মুখ থেকে এমন কথা শুনে রীতিমতো বিস্মিত হয়ে যান তরুণ এই ফুটবলার।

তবে মেসির মায়ের কাছ থেকে এমন বড় স্বীকৃতি পেলেও নিজেকে আর্জেন্টাইন মহাতারকার উত্তরসূরি মনে করেন না নিকো। চাচা ফাবিয়ান জানান, নিকো বেশ শান্ত ও বিনয়ী স্বভাবের। মেসির সাথে দেখা করতে পারা এবং তার পাশে খেলার সুযোগ পাওয়াটাকেই জীবনের বড় প্রাপ্তি মনে করেন তিনি।

বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোতে খেলছেন নিকো পাজ। আর্জেন্টিনার বাইরে অবস্থান করায় দেশটির ফুটবলকে ঘিরে থাকা তীব্র আবেগ ও প্রত্যাশার চাপ থেকে কিছুটা দূরে আছেন তিনি। ফাবিয়ানের মতে, আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি ও আবেগের গভীরতা নিকোর কাছে এখনো বিস্ময়কর।

সম্প্রতি কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেন নিকো। এরপর থেকেই মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। তার ওপর মেসির মায়ের এই মন্তব্য নিকোকে ঘিরে প্রত্যাশা ও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।