সুইজারল্যান্ডের নিওঁয়ে উয়েফার সদর দপ্তরে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) শীর্ষ স্তরের এই ড্রয়ে বেশ কিছু রোমাঞ্চকর ও চমকজাগানিয়া লড়াই চূড়ান্ত হয়েছে। তবে সব ছাপিয়ে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ফ্রান্স ও স্পেনের মুখোমুখি লড়াই।
গ্রুপ পর্ব শেষে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগাল নিজ নিজ গ্রুপে সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে ওঠে বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন ও নরওয়ে।
ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ফলে ফুটবলবিশ্ব আবারও লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছে। অন্য তিন কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জার্মানি খেলবে বেলজিয়ামের বিপক্ষে এবং ইংল্যান্ডের সামনে পড়েছে নরওয়ে।
সেমিফাইনালের সমীকরণে স্পেন ও ফ্রান্সের মধ্যকার জয়ী দল লড়বে নেদারল্যান্ডস ও পর্তুগাল ম্যাচের বিজয়ীর বিপক্ষে। অর্থাৎ ফাইনালে ওঠার আগে স্পেনের সামনে পড়তে হচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে।
ফ্রান্সের বর্তমান কোচ জিনেদিন জিদানের জন্য স্পেন ম্যাচটি বাড়তি গুরুত্ব বহন করছে। খেলোয়াড়ি জীবনে স্পেনের বিপক্ষে চারবার মাঠে নেমেছিলেন এই ফরাসি কিংবদন্তি। প্রথম দেখাটি ছিল তিক্ত অভিজ্ঞতার—ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামার মাত্র ১৮ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
তবে সিনিয়র পর্যায়ে স্পেনের বিপক্ষে জিদানের রেকর্ড বেশ উজ্জ্বল। ১৯৯৬ ইউরোর গ্রুপ পর্বে তার খেলা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। চার বছর পর ২০০০ ইউরোর কোয়ার্টার ফাইনালে জিদানের গোলেই এগিয়ে গিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল ফ্রান্স।
২০০৬ বিশ্বকাপেও স্পেনের বিপক্ষে ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখান জিদান; শেষ ষোলোর সেই ম্যাচে যোগ করা সময়ের (৯২ মিনিট) গোলে ফ্রান্সের ৩-১ গোলের জয় নিশ্চিত করে স্প্যানিশদের বিদায়ঘণ্টা বাজিয়েছিলেন তিনি।
এবার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়ে ফ্রান্সের হয়ে পুরোনো হিসাব মেটানোর পালা জিদানের। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে এই স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল ফরাসিদের।
নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল হবে দুই লেগে। প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৫ থেকে ২৭ মার্চ এবং ফিরতি লেগ ২৮ থেকে ৩০ মার্চ। চার কোয়ার্টার ফাইনালের জয়ী দল নিয়ে ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন গড়াবে নেশনস লিগের চূড়ান্ত পর্ব বা ফাইনাল। চূড়ান্ত পর্বের আয়োজক দেশ এখনো চূড়ান্ত না হলেও শেষ চারে ওঠা চার দলের মধ্য থেকেই কোনো একটি দেশ স্বাগতিক হবে।

