...|...|...

খেলা

আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়ে শাস্তি পেলেন হৃদয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৬
Shares
আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়ে শাস্তি পেলেন হৃদয়

ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তাওহীদ হৃদয়। এ কারণে এই ব্যাটারের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে হৃদয়ের বিরুদ্ধে, যা মূলত আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সাথে সম্পর্কিত। গত ২৪ মাসের মধ্যে এটিই হৃদয়ের প্রথম অপরাধ হওয়ায় আপাতত কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না তাকে।

ঘটনাটি ঘটে প্রথম দিনের খেলা শেষে আলোকস্বল্পতার কারণে খেলা স্থগিত হওয়ার পর। বিপদে পড়া দলকে আগলে রেখে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পরও দিনের একদম শেষদিকে উইকেট হারিয়ে হতাশ ছিলেন হৃদয়। তিনি আউট হতেই দিনের খেলার সমাপ্তি ঘটে।

ঠিক তখন মাঠের আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ব্যালকনির পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল বলে দাবি জানান। এ সময় তার আচরণ ও কথাবার্তা আক্রমণাত্মক ও অশোভন ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়ে হৃদয় দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা হৃদয়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন।

উল্লেখ্য, লেভেল-১ আচরণবিধি ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার খড়্গে পড়েন।