সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সোমেশ্বরী নদীর ওপর নির্মিত ৩২০ মিটার দীর্ঘ সেতুর প্রবেশমুখে থাকা সাইনবোর্ড থেকে জুলাই শহিদ আয়াতুল্লাহর নাম কালো রঙ দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
গত শুক্রবার সকালে সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সাইনবোর্ডের মাঝের অংশে কালো রঙ লাগিয়ে শহিদ আয়াতুল্লাহর নামটি মুছে দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এ ঘটনায় প্রতিবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী আয়াতুল্লাহ মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের জলুষা গ্রামের হাজি সিরাজুল ইসলাম ও শোভা আক্তার দম্পতির ছোট ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার সফিপুর আনসার একাডেমি এলাকায় আন্দোলনে বড় ভাই সোহাগ মিয়ার সাথে অংশ নেন তিনি। আন্দোলনের সময় গুলিবর্ষণ শুরু হলে বড় ভাই আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় জনতার ভিড়ে নিখোঁজ হন আয়াতুল্লাহ।
নিখোঁজ হওয়ার ১১ দিন পর ১৬ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের সন্ধান পায় পরিবার। পরিবার সূত্রে জানা যায়, তার বুকে গুলির চিহ্ন ছিল। পরে ১৭ আগস্ট রাতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শহিদ আয়াতুল্লাহর স্মৃতি সংরক্ষণে স্থানীয় ছাত্র-জনতার উদ্যোগে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর প্রবেশমুখে তার নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। ২০২৪ সালের আগস্টে স্থাপিত ওই সাইনবোর্ডের উদ্বোধন করেছিলেন তার বাবা হাজি সিরাজুল ইসলাম।
মধ্যনগর গ্রামের বাসিন্দা ফজলে রাব্বি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমাদের মধ্যনগরের গর্ব শহিদ আয়াতুল্লাহ। ইতিহাস বিকৃত করা যায়, কিন্তু মুছে ফেলা যায় না।
জুলাইযোদ্ধা অপি মিয়া বলেন, এটা নিঃসন্দেহে জুলাইবিরোধী শক্তির কাজ বলে আমরা মনে করছি। নাম ফলক মুছে দিয়ে ইতিহাস থেকে আয়াতুল্লাহকে মুছে ফেলা যাবে না। যারা এ কাজের সাথে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
তিনি আরও বলেন, সেতুটিকে সরকারিভাবে শহিদ আয়াতুল্লাহর নামে নামকরণ করে প্রবেশমুখে স্থায়ী ও বড় আকারের নামফলক স্থাপন করা উচিত।
শহিদ আয়াতুল্লাহর বড় ভাই সোহাগ মিয়া বলেন, আজ ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে দেখি, স্থানীয় ছাত্র-জনতার উদ্যোগে সোমেশ্বরী সেতুর ওপর টানানো আমার ভাইয়ের নামের সাইনবোর্ডটি কালো রঙ দিয়ে মুছে দেওয়া হয়েছে। আমরা মনে করছি, এটি জুলাইবিরোধী শক্তির কাজ।
তিনি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে সেতুটির নাম সরকারিভাবে ‘শহিদ আয়াতুল্লাহ সেতু’ করার পাশাপাশি স্থায়ী নামফলক স্থাপনের দাবি জানান।
এ বিষয়ে মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, সেতুর নামফলক থেকে নাম মুছে দেওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এ কাজ করেছে, তা তদন্ত করে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে বা তদন্তে জড়িতদের শনাক্ত করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



