...|...|...

জাতীয়

নামফলকে নিজের নাম, উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৬
Shares
নামফলকে নিজের নাম, উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে একটি বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের নামফলকে নিজের নাম দেখে আপত্তি জানিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি সে সময় নামফলক থেকে নিজের নাম সরানোর কথা জানিয়ে সেটি উন্মোচন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আয়োজক সূত্র জানায়, রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে নামফলকের পর্দা সরানোর পর সেখানে নিজের নাম খোদাই করা দেখতে পান তিনি। এতে আপত্তি জানিয়ে নামফলক পরিবর্তনের নির্দেশ দেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ আয়োজকদের বলেন, জনগণের করের টাকায় নির্মিত কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তিবিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করি না। জনপ্রতিনিধি বা নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধের ওপর জোর দেন।

রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, প্রথাগত রাজনৈতিক ব্যক্তিপূজা বা আত্মপ্রচারের সংস্কৃতি নতুন বাংলাদেশে দেখতে চাই না। জনগণের টাকায় উন্নয়নকাজ বাস্তবায়িত হয়। তাই নামফলকে ব্যক্তিবিশেষের নাম না রেখে কেবল দেশের নাম বা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য থাকা উচিত।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তার নির্বাচনি এলাকার কোনো উন্নয়নমূলক কাজের ফলকে যেন তার নাম ব্যবহার করা না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।