...|...|...

খুলনা

লংমার্চের নামে জ্বালানি অপচয় করা ঠিক না: ইশরাক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০০
Shares
লংমার্চের নামে জ্বালানি অপচয় করা ঠিক না: ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: টাইমস টুডে

বিরোধী দল হিসেবে লংমার্চের মতো কর্মসূচির মাধ্যমে জ্বালানি অপচয় ও সাধারণ মানুষের ভোগান্তি না বাড়িয়ে গত ছয় মাসে নিজেদের কার্যক্রম কতটা সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকটের কথা উল্লেখ করে লংমার্চ কর্মসূচি শুরু করা হলেও এতে আনুমানিক এক লাখ লিটার জ্বালানি তেল ব্যয় হবে। এ ধরনের কর্মসূচি জাতীয় সম্পদের অনর্থক অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়াবে।

বিরোধী দলের ‘দ্বিতীয় শপথ’ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমেই সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায়। অথচ যারা অসাংবিধানিক ও অবৈধভাবে দ্বিতীয় শপথ নিয়েছেন, আইন বিশেষজ্ঞদের মতে, এর ফলে তাদের প্রথম শপথের বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সেখানে অংশ না নিয়ে রাজপথে কর্মসূচি পালন করছে, যার ফলে জনগণের ভোগান্তি আরও বাড়ছে।

এর আগে শনিবার দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন তিনি।

পরে বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় অংশ নেন ইশরাক হোসেন। এ সময় এতিম ও হাফেজদের মধ্যে কোরআন শরিফ, বিভিন্ন ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।