ঠিকাদারদের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণসংক্রান্ত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, উপহার কিংবা অন্য যে নামেই অভিহিত করা হোক না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পুরো বক্তব্য শুনলে বোঝা যায়, তার অধিকাংশ কথাই সঠিক ছিল। বিশেষ করে জনগণের করের অর্থে বাস্তবায়িত নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে তিনি যথার্থ কথা বলেছেন। তবে ঠিকাদারদের কাছ থেকে উপহার গ্রহণের প্রসঙ্গে প্রতিমন্ত্রী ভুল করেছেন।
প্রতিমন্ত্রীর বক্তব্যের মূল্যায়ন করতে গিয়ে ইশরাক বলেন, তার বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও বাকি ৫ শতাংশে ভুল রয়েছে। কারণ উপহার বা অন্য কোনো নামে ঘুস গ্রহণকে বৈধতা দেওয়ার সুযোগ নেই।
বিএনপির রাজনৈতিক আদর্শের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত দলটি কোনো ধরনের অবৈধ কিংবা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না।
ইশরাকের ভাষ্য, প্রতিমন্ত্রীর এমন মন্তব্য তার ব্যক্তিগত অবস্থান বা চর্চার প্রতিফলন হতে পারে। তবে প্রধানমন্ত্রী কিংবা সরকারের নীতিগত অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই সংবাদমাধ্যমে বিষয়টি সরকারের অবস্থান হিসেবে নয়, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবে তুলে ধরা উচিত ছিল।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
অনুষ্ঠানে তিনি বলেন, কোনো ঠিকাদার প্রকৌশলীর মাধ্যমে কাজের মান নিশ্চিত করার পর নিজের মুনাফা থেকে স্বেচ্ছায় উপহার দিলে সেটিকে ঘুস হিসেবে বিবেচনা করা উচিত নয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকৌশলীরা যথাযথভাবে কাজ বুঝে নেওয়া এবং দ্রুত বিল পরিশোধের ব্যবস্থা করার পর ঠিকাদার সন্তুষ্ট হয়ে উপহার দিতে পারেন। এ ধরনের উপহার গ্রহণের বিষয়টি নতুনভাবে বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তার এমন বক্তব্যের পর ঘুস ও উপহারের পার্থক্য এবং সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতার প্রশ্ন নতুন করে আলোচনায় আসে। এর মধ্যেই প্রতিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন সংসদ সদস্য ইশরাক হোসেন।


