ইন্দোনেশিয়ায় সরকারের বিনামূল্যের স্কুল খাবার কর্মসূচির খাবার খেয়ে গত তিন দিনে প্রায় ২ হাজার শিক্ষার্থী ও শিক্ষক খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন। সর্বশেষ ঘটনায় মধ্য জাভার রেমবাংয়ের একটি উচ্চবিদ্যালয়ে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন ৭৭৭ জন।
বিবিসি জানিয়েছে, বুধবার দুপুরে লাসেমের ওই বিদ্যালয়ে কর্মসূচির আওতায় দেওয়া খাবার খেয়ে ৭৫২ শিক্ষার্থী ও ২৫ শিক্ষক অসুস্থ হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুহারতুতিক জানান, আক্রান্তদের ডায়রিয়া ও পেটের সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী ও ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে বাড়ি পাঠানো হয়। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর একদিন আগে পূর্ব জাভার সিদোয়ারজোর একটি ইসলামি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে একই কর্মসূচির খাবার খেয়ে ৭৩০ জন অসুস্থ হন। এ ছাড়া দক্ষিণ সুলাওয়েসির তানা তোরাজাসহ বিভিন্ন এলাকার কয়েকটি বিদ্যালয়েও শত শত শিক্ষার্থী খাদ্য বিষক্রিয়ার উপসর্গে আক্রান্ত হয়েছেন।
অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ, কোথাও পিচ্ছিল মাংস, কোথাও আধাসেদ্ধ খাবার এবং মাছের মতো দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে।
খাদ্য বিতরণকারী ইউনিটের প্রধান আচমাদ শোলেহ শরিফুদ্দিন ঘটনায় দুঃখ প্রকাশ করে শিক্ষার্থী ও শিক্ষকদের সুস্থতার জন্য পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম পর্যালোচনারও ঘোষণা দিয়েছেন।
ইন্দোনেশিয়ার জাতীয় পুষ্টি সংস্থার প্রধান বলেছেন, তদন্তে অবহেলা বা অপরাধের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


