...|...|...

বিশ্ব

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৪৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৬
Shares
ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের  পশ্চিম তীর থেকে দখলদার ইসরায়েলকে তার ‘বেআইনি উপস্থিতি’ বন্ধ করতে হবে এবং সেখানে থাকা সব বসতি স্থাপনকারীকে সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলকে তার দায়িত্ব ও বাধ্যবাধকতা পালনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, আল-মুঘাইয়ির এলাকায় বসতি স্থাপনকারীদের অব্যাহত হামলা ও রাষ্ট্রীয় সহিংসতার কারণে সেখানকার ফিলিস্তিনিরা পুরোপুরি বাস্তুচ্যুত হয়েছেন।

রামাল্লার কাছে অবস্থিত আল-মুঘাইয়ির গ্রামটি আটটি বসতি চৌকি দিয়ে ঘেরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ওই এলাকায় নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক বিষয় সমন্বয়ের দায়িত্বে থাকা জাতিসংঘের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুধু ২০২৬ সালেই বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে ৫০টির বেশি। অর্থাৎ মাসে গড়ে প্রায় সাতটি হামলার ঘটনা ঘটছে।

জাতিসংঘের ওই কার্যালয় বলেছে, এসব হামলার অনেকগুলোই ‘ইসরায়েলি বাহিনীর সমর্থন ও অংশগ্রহণে’ সংঘটিত হয়েছে।

সংস্থাটির বক্তব্য, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিস্থিতি অব্যাহত রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা জরুরি।