একটি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। শনিবারের (১৯ সেপ্টেম্বর) ওই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান দেন।
বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আব্দুলফাত্তাহ এ.কে. আল-সাত্তারি প্রেসিডেন্ট প্রাবোওকে একটি কেফিয়েহ উপহার দেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারার তথ্যমতে, উপহারটি গ্রহণের পর মঞ্চে ফিরে কেফিয়েহ দিয়ে নিজের চোখ মুছতে দেখা যায় তাকে।
এরপরই প্রাবোও কয়েকবার ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইন্দোনেশিয়ার জন্য এটি জাতীয় শক্তি জোরদারের অনুপ্রেরণা হওয়া উচিত।
প্রাবোও বলেন, ইন্দোনেশিয়া শক্তিশালী হলেই অন্য কোনো শাসনব্যবস্থার দ্বারা নিপীড়িত ভাই-বোনদের সহায়তা করতে পারবে। একটি দেশের শক্তি তার স্বনির্ভরতার ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।
প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার, নিজেদের পরিচালনা ও সুরক্ষার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, দেশকে আরও শক্তিশালী হতে হবে।
ঔপনিবেশিক শাসনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে প্রাবোও বলেন, ইন্দোনেশিয়াকে এমনভাবে শক্তিশালী হতে হবে, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো দেশের ঔপনিবেশিক শাসনের শিকার হতে না হয়।


