...|...|...

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৭
Shares
গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

ফাইল ছবি

ফিলিস্তিনে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে গাজা শহরের পূর্বে আল-নাফাক সড়কের কাছে ইসরায়েলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

এর আগে গাজা শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-তুফাহ এলাকায় মাসকট স্কুলের কাছে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে দুই ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হন বলে জানিয়েছে ওয়াফা।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে।

ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নাবলুসের দক্ষিণে হুওয়ারা শহরে ফিলিস্তিনি মালিকানাধীন জমিতে থাকা জলপাই গাছগুলো মঙ্গলবার রাতে উপড়ে ফেলে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

এ ছাড়া পশ্চিম তীরের তুবাসের উত্তরে আকাবা শহরে কুতাইবা ইমাদ আবু আররার নামে এক ফিলিস্তিনি নাগরিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে কুদস নিউজ নেটওয়ার্ক।

অন্যদিকে, হেবরন শহরের কাছে ইয়াত্তা এলাকার কুসা গ্রামের পাশে ধাওয়ার পর ফিলিস্তিনি শ্রমিকদের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।