কোনো এক আড্ডায় বলা একটি কথা, সবার সামনে করা ছোট্ট একটি ভুল কিংবা হঠাৎ পাওয়া অপমান- ঘটনাটি হয়তো কয়েক মিনিটের, কিন্তু তার স্মৃতি থেকে যায় বছরের পর বছর। এমনকি ব্যস্ত কোনো দিনের মাঝেও হঠাৎ সেই পুরোনো মুহূর্তটি মনে পড়ে যেতে পারে, সাথে ফিরে আসে একই অস্বস্তি। আশ্চর্যের বিষয়, ঘটনাটি অন্যরা হয়তো অনেক আগেই ভুলে গেছে। তাহলে নিজের মনে অপমানের স্মৃতি এতটা স্পষ্ট থেকে যায় কেন?
মস্তিষ্ক সব স্মৃতিকে একইভাবে সংরক্ষণ করে না। কোনো ঘটনার সাথে লজ্জা, ভয়, অপমান বা তীব্র আনন্দের মতো আবেগ জড়িয়ে থাকলে মস্তিষ্ক সেটিকে সাধারণ ঘটনার তুলনায় বেশি গুরুত্ব দেয়। ফলে আবেগপূর্ণ ঘটনাগুলো দীর্ঘদিন মনে থাকার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে অন্যদের সামনে বিব্রত হওয়ার ঘটনা মস্তিষ্কের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ মানুষ স্বাভাবিকভাবেই সামাজিকভাবে গ্রহণযোগ্য থাকতে চায়।
বারবার সেই ঘটনাই মনে পড়ে কেন?
কোনো অপমানজনক ঘটনার সাথে অমীমাংসিত আবেগ থেকে গেলে সেটি বারবার মনে পড়তে পারে। ঘটনা নিয়ে কথা না বলা, নিজের কাছে বিষয়টি মেনে নিতে না পারা কিংবা সঠিক দৃষ্টিকোণ থেকে না দেখার কারণে স্মৃতিটি মনের মধ্যে আরও সক্রিয় থাকতে পারে।
এ কারণে কাছের কারও সাথে বিব্রতকর ঘটনা নিয়ে কথা বলা বা পরে সেটিকে ভিন্নভাবে দেখার সুযোগ পেলে অনেক সময় এর অস্বস্তি কমে যায়। এমনকি কোনো পুরোনো ঘটনা নিয়ে হাসতে পারাও তার আবেগীয় প্রভাব কমাতে সাহায্য করতে পারে।
মস্তিষ্ক কেন এমন স্মৃতি মনে করিয়ে দেয়?
এর পেছনে আত্মরক্ষার একটি প্রবণতাও রয়েছে। মস্তিষ্ক অতীতের অস্বস্তিকর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে চায়। তাই পুরোনো ঘটনাটি মনে করিয়ে দেওয়ার মাধ্যমে যেন সতর্ক থাকতে বলে। তবে কখন সেই সতর্কতার প্রয়োজন শেষ হয়েছে, মস্তিষ্ক সবসময় তা বুঝতে পারে না।
অন্যরা কি সত্যিই ঘটনাটি মনে রেখেছে?
এখানে কাজ করে ‘স্পটলাইট এফেক্ট’। আমরা প্রায়ই মনে করি, কোনো বিব্রতকর ভুল করার সময় আশপাশের সবাই আমাদের দিকে তাকিয়ে ছিল এবং ঘটনাটি মনে রেখেছে। বাস্তবে অন্যরা সাধারণত আমাদের ধারণার চেয়ে অনেক কম গুরুত্ব দেয়।
জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি- তে প্রকাশিত গবেষণাতেও দেখা গেছে, মানুষ নিজের বিব্রতকর ঘটনাকে অন্যদের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারে। নিজের দৃষ্টিতে ঘটনাটি বড় হলেও অন্যদের কাছে সেটি হয়তো খুব সামান্য বিষয়।
তাই বহু বছর আগের কোনো অপমানের স্মৃতি হঠাৎ ফিরে এলে নিজেকে অস্বাভাবিক ভাবার কারণ নেই। এটি মানুষের মস্তিষ্কের স্বাভাবিক প্রবণতা। মস্তিষ্ক তীব্র আবেগের ঘটনাগুলো ধরে রাখে, সেখান থেকে শিক্ষা নিতে চায় এবং ভবিষ্যতে একই অভিজ্ঞতা থেকে আমাদের রক্ষা করার চেষ্টা করে।



