...|...|...

লাইফস্টাইল

চিনি নাকি গুড়- স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৭
Shares
চিনি নাকি গুড়- স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?

চিনি ও গুড়। ছবি: এআই জেনারেটেড

ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণের কথা ভাবলে অনেকেই প্রথমে খাবার থেকে চিনি কমানোর চেষ্টা করেন। এ সময় সাধারণ চিনির বিকল্প হিসেবে গুড়কে তুলনামূলক স্বাস্থ্যকর মনে করেন অনেকে। কারণ গুড়কে প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত মিষ্টি হিসেবে দেখা হয়। তবে চিনির বদলে গুড় খেলেই খাবার স্বাস্থ্যকর হয়ে যায়- বিষয়টি এমন নয়।

পুষ্টিবিদদের মতে, চিনি ও গুড়- দুটিই মূলত মিষ্টি করার উপাদান এবং দুটিরই ক্যালোরি রয়েছে। এক টেবিল চামচ চিনি ও গুড় থেকে প্রায় ৬০ ক্যালোরি পাওয়া যেতে পারে। তাই ওজন কমানোর ক্ষেত্রে শুধু চিনি বাদ দিয়ে সমপরিমাণ গুড় খেলে ক্যালোরি গ্রহণে বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে।

রক্তে শর্করার ওপর প্রভাবের ক্ষেত্রেও গুড়কে খুব বেশি সুবিধাজনক বলা যায় না। সাধারণ চিনির গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) প্রায় ৬০, আর গুড়ের জিআই প্রায় ৭০। অর্থাৎ গুড়কে চিনি থেকে এমন কোনো বিকল্প হিসেবে দেখা ঠিক নয়, যা খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয়ভাবে সুবিধা পাওয়া যাবে।

তবে গুড়ে সামান্য পরিমাণে কিছু খনিজ উপাদান থাকে। যেমন, এক টেবিল চামচ গুড় থেকে প্রায় ১ মিলিগ্রাম আয়রন পাওয়া যেতে পারে। কিন্তু এই পরিমাণ এতটাই কম যে দৈনন্দিন খাদ্যতালিকায় গুড়কে আয়রনের উল্লেখযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা যায় না।

বিশেষজ্ঞদের মতে, তাই চিনি ও গুড়ের মধ্যে বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু ‘প্রাকৃতিক’ বিষয়টি বিবেচনা করলেই হবে না। বিশেষ করে ডায়াবেটিস থাকলে বা ওজন কমানোর চেষ্টা করলে মোট কতটা মিষ্টি ও ক্যালোরি গ্রহণ করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

সুতরাং, চিনির বদলে গুড় ব্যবহার করাকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বড় পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। মিষ্টি জাতীয় খাবার ও পানীয়ের পরিমাণ কমানো এবং প্রয়োজন অনুযায়ী পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই হতে পারে বেশি কার্যকর উপায়।