...|...|...

খেলা

৩-০ গোলে বাংলাদেশ ম্যাচ হারার পরও সন্তষ্ট ডুলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৯
Shares
৩-০ গোলে বাংলাদেশ ম্যাচ হারার পরও সন্তষ্ট ডুলি

বাংলাদেশের কোচ থমাস ডুলি। ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রত্যাশার শুরুটা হলো হতাশায়। জাকার্তায় মালয়েশিয়ার বিপক্ষে ৩–০ গোলে হেরে টুর্নামেন্টে কঠিন সূচনা করেছে হামজা-জামালরা। বড় ব্যবধানে হারলেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি হতাশ নন বাংলাদেশের কোচ থমাস ডুলি। বরং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের মানের পার্থক্যটিই ম্যাচে স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ থমাস ডুলি বলেন, ‘দুই দলের মধ্যে পার্থক্য স্পষ্ট। এজন্য আমরা ১৮০ র‌্যাংকিংয়ে আর তারা উপরে।’ বড় ব্যবধানে হারের পরও পুরো দলকে নিয়ে হতাশ নন ডুলি, ‘সব মিলিয়ে আমি ম্যাচটি নিয়ে মোটামুটি সন্তুষ্ট। আমরা এখানে শিখতে এসেছি।’

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে দুটি গোল হজম করতে হয়েছে। তবে ডিফেন্ডারদের কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ ডুলি। তিনি বলেন, ‘তাদের পারফরম্যান্স খারাপ হলেও তারা তাদের পর্যায়ে চেষ্টা করেছে।’

বাংলাদেশের মাঝমাঠের অন্যতম ভরসা হামজা দেওয়ান চৌধুরীকে নিয়েও সংবাদ সম্মেলনে রসিকতা করেন ডুলি। দলের বিভিন্ন পজিশনে হামজার উপস্থিতির প্রয়োজনীয়তা বোঝাতে তিনি বলেন, ‘ডিফেন্সে একজন হামজা, ফরোয়ার্ড একজন হামজা, মিডফিল্ডে একজন হামজা হলে ভালো হতো।’

বাংলাদেশে থাকাকালীন এবং জাকার্তায় পৌঁছেও দলের সামর্থ্য ও প্রস্তুতি নিয়ে আশাবাদী ছিলেন ডুলি। তবে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর প্রতিপক্ষের মানের পার্থক্যও স্বীকার করেছেন তিনি। ডুলির ভাষায়, ‘আমাদের চেষ্টা ছিল ম্যাচটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রিত রাখা এবং তাদের বেশি সুযোগ না দেওয়া। তারা কিছু সুযোগ তৈরি করেছে, কিন্তু তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের মান আপনি দেখতে পেয়েছেন। এটা সত্যিই ভিন্ন একটা স্তর।’

প্রায় তিন সপ্তাহ ধরে অনুশীলন করলেও ম্যাচের শেষ দিকে বাংলাদেশের খেলোয়াড়দের শারীরিক দুর্বলতা চোখে পড়েছে বলে জানান ডুলি। ফিটনেস ঘাটতির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘শেষ দিকে দেখা গেছে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছে। তাদের পেশিতে টান ধরছিল এবং তারা আরও বেশি ভুল করছিল। আর ফুটবলে এটাই বাস্তবতা। আজকের ম্যাচে তাদের সাথে আমাদের পার্থক্যটা পরিষ্কার দেখা গেছে।’

মালয়েশিয়ার বিপক্ষে এই হার তাই বাংলাদেশের জন্য শুধু পয়েন্ট হারানোর ম্যাচ নয়, বরং আন্তর্জাতিক ফুটবলে নিজেদের বর্তমান অবস্থান ও উন্নতির জায়গাগুলোও স্পষ্ট করে দিয়েছে।