...|...|...

বিশ্ব

হাজীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩০
Shares
হাজীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি

ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে বিদেশি হাজীদের জন্য একটি সর্বাত্মক ও সমন্বিত প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই নতুন ব্যবস্থার মাধ্যমে আবাসন, যাতায়াত, ক্যাটারিং বা খাবার সরবরাহ এবং পবিত্র স্থানগুলোর সেবাসমূহকে একটি মাত্র ইলেকট্রনিক চুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আরব নিউজের বরাত দিয়ে জানানো হয়, ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি অফার করা হবে এবং এটি হাজীদের সৌদি আরবে আগমন থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত সম্পূর্ণ যাত্রাকে সুশৃঙ্খল করতে ডিজাইন করা হয়েছে।

এই প্যাকেজে প্রধানত চারটি সেবা অন্তর্ভুক্ত রয়েছে

পবিত্র স্থানগুলোতে সেবা প্রদান, মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন এবং ক্যাটারিং। এর পাশাপাশি অতিরিক্ত বিভিন্ন এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ ঐচ্ছিক সেবাসহ সুবিধাও উপলব্ধ থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন পদ্ধতির ফলে বিভিন্ন দেশের হাজীদের বিষয় দেখভালের দায়িত্বে থাকা অফিস ও এজেন্সিগুলো একটি স্পষ্ট ও নমনীয় চুক্তির কাঠামোর মধ্যে বিভিন্ন দলের হাজীদের জন্য উপযোগী প্রোগ্রাম বা কর্মসূচি তৈরি করতে পারবে।

উল্লেখ্য, ১৪৪৮ হিজরি হজ মৌসুমের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ‘সৌদি ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্যগুলোর সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

মন্ত্রণালয় ইতোমধ্যে ১৪৪৮ হিজরি মৌসুমের জন্য প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছে। এর অংশ হিসেবে অপারেশনাল পরিকল্পনা, নিয়মাবলী ও প্রয়োজনীয়তাগুলো পর্যালোচনা করতে ৭৫টিরও বেশি দেশের হাজীদের কল্যাণবিষয়ক অফিসগুলোর সাথে বৈঠক সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব তাদের ডিজিটাল হজ অবকাঠামো আরও প্রসারিত করেছে। এরই ধারাবাহিকতায় মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলো হাজি ও সেবা প্রদানকারীদের জন্য চুক্তি স্বাক্ষর, অপারেশনাল কার্যক্রম এবং ভিসা প্রক্রিয়াকে একটি একক ও সুসংহত সিস্টেমের সাথে যুক্ত করেছে।