ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের তিনটি শহরে সাময়িকভাবে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। সোমবার (২ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা ও খামিস মুশাইত এবং পশ্চিমাঞ্চলের তায়েফ শহরে এ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। পরে তিনটি এলাকাকেই বিপদমুক্ত ঘোষণা করা হয়।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, সৌদি সিভিল ডিফেন্সের পৃথক বিবৃতিতে জানানো হয়, দেশটির ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সি’ বা জাতীয় জরুরি সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল।
পরবর্তী বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, আভা, খামিস মুশাইত ও তায়েফ—তিনটি শহরেই আপাতত কোনো বিপদ নেই। একই সঙ্গে বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। সতর্কতামূলক নির্দেশনায় ঘটনাস্থলে ভিড় না করা এবং ভিডিও ধারণ থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
তবে কী ধরনের হুমকির কারণে সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও প্রকাশ করা হয়নি।
হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির অন্যান্য এলাকা দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব হুথিদের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে।


