...|...|...

খেলা

শচীনের বন্ধু বিনোদ, তারকা ক্রিকেটার থেকে বৃদ্ধাশ্রমে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫২
Shares
শচীনের বন্ধু বিনোদ, তারকা ক্রিকেটার থেকে বৃদ্ধাশ্রমে

ছবি: সংগৃহীত

একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে বিবেচিত বিনোদ কাম্বলি এখন বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শচীন টেন্ডুলকারের বাল্যবন্ধুর নতুন এই খবর ঘিরে ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্প্রতি বৃদ্ধাশ্রম থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন ৫৪ বছর বয়সী কাম্বলি। সেখানে তিনি আশ্রমের সুযোগ-সুবিধা ও পরিচ্ছন্নতার প্রশংসা করার পাশাপাশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তবে ঠিক কী কারণে তাকে সেখানে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ভিডিওতে আবেগঘন বার্তায় কাম্বলি বলেছেন, ‘আমি বিনোদ কাম্বলি। আমি অনেক ভালোবাসা পাচ্ছি। এখানে যারা আছেন, তাদের জন্য আমার মনেই হচ্ছে না যে, আমি বাড়িতে নেই। এখানকার স্বাস্থ্যবিধি এবং সার্বিক পরিচ্ছন্নতা একেবারে প্রথম শ্রেণীর। আমি সত্যিই খুব ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। আমি কোথায়? নিদানেই রয়েছি।’

শচীনের বাল্যবন্ধু হিসেবে পরিচিত কাম্বলি একসময় ভারতীয় ক্রিকেটে বড় সম্ভাবনা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। প্রতিভার বিচারে তাকে ভারতের অন্যতম সেরা ব্যাটার হওয়ার সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো। এমনকি অনেকের মতে, ক্রিকেট ক্যারিয়ারে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অর্জনের দিক দিয়ে তিনি তার বাল্যবন্ধু শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারতেন।

তবে পরবর্তী সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন তার ক্রিকেট ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে। ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের মূলস্রোত থেকে ছিটকে যান সাবেক এই বাঁহাতি ব্যাটার।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন কাম্বলি। শারীরিক অসুস্থতার কারণে মাঝে মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ঠিকমতো হাঁটাচলা করতেও সমস্যা হয় তার। এর সাথে যুক্ত হয়েছে আর্থিক সংকট।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাম্বলির শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত পরিচর্যা ও তার সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যেই তাকে প্রবীণদের জন্য বিশেষ একটি কেন্দ্রে রাখা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে একসময় যথেষ্ট সাফল্য পাওয়া কাম্বলি ভারতের অন্যতম প্রতিভাবান বাঁহাতি ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনের নানা অস্থিরতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে অল্প সময়ের মধ্যেই তার সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারের গতি থেমে যায়। বর্তমানে বৃদ্ধাশ্রম থেকে দেওয়া তার ভিডিও নতুন করে সেই সাবেক তারকাকে নিয়ে আলোচনা তৈরি করেছে।