জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। রায়ে আদালত জানিয়েছে, রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন ও সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টায় নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি এ মামলার রায় পাঠ শুরু করেন।
রায় পড়ার একপর্যায়ে বিচারপতি ইউজি বলেন, ‘আদালত প্রমাণ পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, সেই সঙ্গে শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপরও হামলা চালিয়েছে।’
রাখাইনে ২০১৭ সালের আগস্টের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের আগের ঘটনাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, আদালত ‘নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার বিষয়টি চিহ্নিত করেছে।’ ইউজি আরও জানান, সাক্ষ্য-প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছে যে নির্দিষ্ট কিছু স্থানে ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল।’
কিছু সাক্ষ্য-প্রমাণের বরাতে বিচারপতি বলেন, রাখাইনে ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।
এ সময় মামলার পটভূমি ও সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া তুলে ধরেন বিচারপতি ইউজি। তিনি ব্যাখ্যা করেন, গণহত্যা সংক্রান্ত আগের রায়গুলোর মতো এ মামলায় নিজেদের পর্যবেক্ষণের সপক্ষে আইসিজের কাছে তুলনা করার মতো কোনো পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্ত নেই। বিচারপতি বলেন, ‘তথ্য-উপাত্ত নির্ধারণের জন্য আইসিজেকে কেবল পক্ষগুলোর দেওয়া প্রমাণের ওপরই নির্ভর করতে হচ্ছে।’
তিনি জানান, সাক্ষীদের জবানবন্দি এবং সাক্ষ্যদানের পারিপার্শ্বিক বিষয়গুলো—যেমন জবানবন্দির ধরন ও কোন পরিস্থিতিতে তা দেওয়া হয়েছে—আদালত বিবেচনায় নেবে। যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের প্রতিশোধের শিকার হওয়ার আশঙ্কাকেও গুরুত্ব দিচ্ছে আদালত। ইউজি জানান, মৌখিক শুনানির সময় আদালত এমন চারজন সাক্ষীর বক্তব্য শুনেছেন, যারা ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হয়েছিলেন। তার ভাষায়, ‘গাম্বিয়ার সাক্ষীরা যেসব নির্দিষ্ট ঘটনার সাক্ষ্য দিয়েছেন, সেগুলোর বিবরণে আদালত তাঁদের বিশ্বাসযোগ্য বলে মনে করেছে। সাক্ষীদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময় অখণ্ডিত ছিল।’
উল্লেখ্য, ২০১৯ সালে ৫৭ দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) সমর্থনে আইসিজেতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই ২০১৭ সালে ওই সামরিক অভিযান চালানো হয়েছিল। এর মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়।
জাতিসংঘের বিভিন্ন তদন্তেও রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ভয়াবহ চিত্র উঠে আসে। ওই অভিযানের পর প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন, যাদের বড় একটি অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে রয়েছেন।
এদিকে গাম্বিয়ার পাশাপাশি কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, ডিআর কঙ্গো, বেলজিয়াম ও আয়ারল্যান্ডসহ ১১টি দেশ এ মামলায় বিভিন্ন পর্যায়ে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে; দেশটির জান্তা সরকারের দাবি, ২০১৭ সালের অভিযান কেবল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।

