রাজধানীর মিরপুরে মোতাহার হোসেন খান সুফল নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহসম্পাদক এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সুফলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। একইসাথে আরও চারটি হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া ২০টির বেশি হত্যা মামলায়ও সুফলকে পলাতক আসামি হিসেবে খোঁজা হচ্ছিল।
গ্রেফতারের পর সুফলের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।


