...|...|...

রাজধানী

মিরপুরে যুবলীগ নেতা অনিক গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৫
Shares
মিরপুরে যুবলীগ নেতা অনিক গ্রেফতার

ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিক। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিককে আটক করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে ধরা হয়।

ডিবি জানিয়েছে, মিরপুর এলাকার আলোচিত সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে অনিকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তদন্তে জানা গেছে তিনি শাহাদাত ও ইব্রাহিমের পক্ষে একজন এজেন্ট হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে ওঠা আন্ডারগ্রাউন্ড কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ প্রাথমিক তদন্তে সত্য বলে মনে হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার ও প্রধান শফিকুর রহমান জানান, অনিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

অনিকের বাবার নাম আবু সাঈদ, বাড়ি নরসিংদী জেলায়। তিনি মিরপুরের পর্বত সেনপাড়ায় থাকতেন।

সূত্র মতে, শনিবার রাতে ইসিবি চত্বরের কাছে অবস্থিত একটি আবাসিক ভবনে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন অনিক- যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি এখনো আসেনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা মাইনুল হোসেন নিখিল এবং স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। মিরপুর, ভাষানটেক, কাফরুল, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার নামে একাধিক মামলা রয়েছে বলে সূত্র জানায়।

আরও অভিযোগ আছে যে, ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং সরকার পতনের পর বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে নিষিদ্ধ দলের কার্যক্রম সংগঠিত করার সঙ্গেও যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার রাতে শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেফতার হন নিখিলের ছোট ভাই মোতাহার হোসেন খান সুফল। সূত্রমতে, সুফল ও অনিক একসঙ্গে রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন।