রাজধানীর মিরপুর-১-এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন—মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহআলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২) এবং মো. শাকিল (২০)।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের পক্ষে করা জামিন আবেদনের ওপর শুনানির দিন সোমবার ধার্য করেছেন আদালত। এর আগে শনিবারও (২৬ সেপ্টেম্বর) একই মামলার অন্য চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১২টার দিকে শাহআলী থানা এলাকার রাড্ডা সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই শতাধিক মুখোশধারী ঢুকে দুই নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে। পরে ভেকু এনে ক্লিনিকের ৫টি কক্ষ, যন্ত্রপাতি ও আসবাবপত্র গুঁড়িয়ে দেওয়া হয়।
হামলাকারীরা আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, ফ্রিজ, এসি, ওষুধসহ আনুমানিক ৬০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। সব মিলিয়ে ভবন ভাঙচুর ও লুটপাটে প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। যাওয়ার সময় সেখানে একটি সমবায় সমিতির ব্যানার টাঙিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


