...|...|...

আইন ও আদালত

অক্টোবরে শেষ হতে পারে জিয়াউল আহসানের গুম মামলার বিচার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৫
Shares
অক্টোবরে শেষ হতে পারে জিয়াউল আহসানের গুম মামলার বিচার

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারিক কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০৪ জনকে গুম ও হত্যার মোট তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল-১–এ মামলার ১৩ নম্বর সাক্ষী হিসেবে সাবেক র‍্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান জবানবন্দি দিয়েছেন, যার জেরা আজ শেষ হয়েছে।

তিনি জানান, জিয়াউলের সাবেক অধীনস্থ কর্মকর্তা ও ঊর্ধ্বতনদের মাধ্যমে মামলায় প্রত্যক্ষদর্শীসহ পর্যাপ্ত দালিলিক সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে, যার ভিত্তিতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

প্রসিকিউটর আরও জানান, রাষ্ট্রপক্ষের তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অনুমতি দিলে আসামিপক্ষ সাফাই সাক্ষী দিতে পারবে। তারা ইতিমধ্যে দুজনের প্রাথমিক তালিকা দিয়েছে। সব প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চললে অক্টোবর মাসের মধ্যেই উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হবে বলে আশাবাদ জানান তিনি।