কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার পরিবারের তিন সদস্যের বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্য তিনজন হলেন—বিপ্লব বড়ুয়ার ভাই ও স্বাচিপের সাবেক সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিপ্লব বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়া।
আদালতে দুদকের দেওয়া আবেদনে বলা হয়, বিপ্লব বড়ুয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। এ ছাড়া তাদের ব্যাংক হিসাবে সন্দেহজনক বিপুল অঙ্কের লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধানাধীন।
দুদকের অনুসন্ধানকারী দল আশঙ্কা প্রকাশ করে আদালতকে জানায়, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রোধ করা আবশ্যক। এর ভিত্তিতেই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।


