রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে পল্লবীর সেকশন-১২-এর আলোব্দি ঝিলপাড় বস্তিসংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।
পুলিশ জানায়, প্রায় এক শ লোক ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পল্লবী থানার পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


