...|...|...

আইন ও আদালত

প্রাথমিকের ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বই বন্ধে হাইকোর্টে রিট

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৯
Shares
প্রাথমিকের ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বই বন্ধে হাইকোর্টে রিট

ছবি: সংগৃহীত

প্রাথমিক পর্যায়ে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ এবং সৃজনশীলতা রক্ষায় তিন দফা নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

রিটে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত বইয়ের বাইরে বাণিজ্যিক প্রকাশনীর অতিরিক্ত বই নিষিদ্ধ এবং সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক কোর্সের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর মতো অননুমোদিত শিক্ষাস্তর বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ রিট দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং এনসিটিবির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষায় অবাধে ভর্তির অধিকার রয়েছে। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়নের মাধ্যমে শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করা হচ্ছে। এটি প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং শিশুদের মধ্যে অযথা প্রতিযোগিতা, ভীতি ও মানসিক চাপ তৈরি করছে।

এ ছাড়া ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’ অমান্য করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিটিবির অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে বাণিজ্যিক প্রকাশনীর সহায়ক বই ও গাইড পড়তে বাধ্য করার অভিযোগ তোলা হয়েছে। রিটে বলা হয়েছে, অতিরিক্ত বইয়ের চাপ শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। বইয়ের ভারে মেরুদণ্ডের সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি স্বাভাবিক চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

প্রাক-প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তুলে রিটে বলা হয়, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিশুদের জন্য এক বছরের প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ নামে একাধিক অননুমোদিত শিক্ষাস্তর চালু রয়েছে। এতে অল্প বয়স থেকেই শিশুদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ তৈরি হচ্ছে এবং শিক্ষা বাণিজ্যিক কার্যক্রমে পরিণত হচ্ছে।

রিটে আরও উল্লেখ করা হয়, শিশুদের মুক্তচিন্তা ও সহজাত সৃজনশীলতার বিকাশের পরিবর্তে মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থায় অভ্যস্ত করা হচ্ছে। এসব কার্যক্রম সংবিধানের ৩২, ৩১, ১৭ ও ২৭ অনুচ্ছেদে প্রতিফলিত অধিকার ও নীতির পরিপন্থি।

এ অবস্থায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধে নির্দেশনার পাশাপাশি এনসিটিবি অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত বই পাঠ্যভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

একই সঙ্গে সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক কোর্সের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২সহ অন্যান্য অননুমোদিত শিক্ষাস্তর পরিচালনা কেন নিষিদ্ধ করা হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার আবেদনও জানিয়েছেন রিটকারী আইনজীবী।