...|...|...

সারাদেশ

যুবদলের ৬ নেতাকে শোকজ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৮
Shares
যুবদলের ৬ নেতাকে শোকজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লোগো। ফাইল ছবি

কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ ছয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা যুবদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নোটিশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। তবে নোটিশে ২৩ সেপ্টেম্বরের তারিখ উল্লেখ রয়েছে।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নির্দেশক্রমে পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন দফতর সম্পাদক হাবিবুর বাশার।

শোকজ পাওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদ এবং পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর এম এ কালাম ও সদস্য সচিব প্রণব বৈদ্য।

জেলা যুবদল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি ঘোষিত সাম্প্রতিক কর্মসূচিগুলো তারা নিজ নিজ ইউনিটে পালন করেননি। বিষয়টিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। সন্তোষজনক জবাব না দিলে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শোকজ দেওয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।