ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সাবেক তারকাদের নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজক সূত্রের তথ্যে বাংলাদেশ দলের এই অংশগ্রহণের খবর নিশ্চিত করা হয়।
মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ দলে খেলবেন নাসির হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র ও আবু হায়দার রনি। এ ছাড়া সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলসহ আরও কয়েকজন সাবেক ক্রিকেটারের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে।
আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসবে ডব্লিউসিএলের এবারের আসর। উদ্বোধনী দিনেই পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১২ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলবেন মাহমুদউল্লাহরা।
ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৬টি দল অংশ নিলেও এবার বাংলাদেশ যুক্ত হওয়ায় দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭টিতে। টুর্নামেন্টের প্রথম আসরে ভারত ও দ্বিতীয় আসরে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল। ইংল্যান্ডের বাইরে সংযুক্ত আরব আমিরাতে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলে রয়েছেন—
মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র।


