ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের জ্বালানি সংক্রান্ত দাবির সমালোচনা করে তাকে কটাক্ষ করেছেন।
বেসেন্ট দাবি করেছিলেন, ইরানের তেল সরবরাহের বিপরীতে যুক্তরাষ্ট্র গত ১৪ দিনে ১৩০ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলনের নির্দেশ দিয়েছে। তার এই বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গালিবফ লেখেন, “মিথ্যাবাদী, মিথ্যাবাদী, তোমার প্যান্টে আগুন লেগেছে।”
রবিবার (৩০ আগস্ট) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পোস্টে গালিবফ নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের একটি লেখা শেয়ার করেন, যার শিরোনাম ছিল—‘স্কট বেসেন্ট বাজারকে বিভ্রান্ত করতে ব্যর্থ’।
গালিবফ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় ১৩০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। এ বিষয়ে তিনি বেসেন্টের কর্মীদের মুডিসের প্রতিবেদন পর্যালোচনা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মার্কিন ট্রেডিং প্রতিষ্ঠান জেন স্ট্রিট ফিউচার চুক্তিতে তেলের দাম কমার ওপর বাজি ধরে ১৩০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে পড়েছে।
নিজের পোস্টের শেষে গালিবফ মার্কিন ঋণ বাজারের প্রসঙ্গ টেনে লেখেন, “মিথ্যাবাদী, মিথ্যাবাদী, সুদের হার জ্বলছে।”
এর আগে স্কট বেসেন্ট দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ও ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলবে এবং ওয়াশিংটন তেলের বাজারে বড় পরিমাণ সরবরাহ এনেছে।


