যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পসের ঘাঁটিতে বিশ্বের অন্যতম উন্নত এবং অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫বি লাইটনিং-২ বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার ঠিক আগে মিরামার বিমানঘাঁটির রানওয়ের কিছুটা সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে গিয়ে আকাশে তীব্র কালো ধোঁয়ার সৃষ্টি হয়, যা দূর থেকেও দেখা গেছে।
সৌভাগ্যবশত, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে এর একমাত্র পাইলট প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলটের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তার আঘাত প্রাণঘাতী নয়।
বিমানটি রানওয়েতে আছড়ে পড়ার পরপরই বিমানবন্দরের অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা ফায়ারফাইটিং ফোম ব্যবহার করে প্রধান আগুন নেভানোর পাশাপাশি আশপাশের ঘাসে ছড়িয়ে পড়া আগুনও নিয়ন্ত্রণে আনেন। বিমানটি কেন বা কী কারণে এই দুর্ঘটনার শিকার হলো, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এফ-৩৫বি যুদ্ধবিমানটিকে বিশ্বের অন্যতম সেরা ও উন্নত প্রযুক্তির স্টেলথ যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয়, যা রাডারে সহজে ধরা পড়ে না। এটি প্রচলিত যুদ্ধবিমানের মতো রানওয়েতে নামার পাশাপাশি প্রয়োজনে হেলিকপ্টারের মতো উল্লম্বভাবেও অবতরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনী ছাড়াও যুক্তরাজ্য ও ইতালির বিমানবাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করে থাকে।
নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, প্রতিটি এফ-৩৫বি বিমানের বাজারমূল্য প্রায় ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

