...|...|...

বিশ্ব

ভারতে বিহারের নৌকাডুবিতে ১৩ শিশুর মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
ভারতে বিহারের নৌকাডুবিতে ১৩ শিশুর মৃত্যু

বিহারের রাঘোপুরে গঙ্গা নদীতে একটি নৌকাডুবির ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

ভারতের বিহারের বৈশালী জেলার রাঘোপুর থানা এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। তাদের মধ্যে রয়েছে ১৫ বছরের কম বয়সী ন’জন মেয়ে এবং চার জন ছেলে।

নৌকায় থাকা গ্রামবাসীরা একটি ভোজে যোগ দিতে অন্য গ্রামে যাচ্ছিলেন।

স্থানীয়দের দাবি, রামপুর শ্যামচাঁদ পঞ্চায়েতের মাতা মহারানি স্থানের কাছে সিঙ্গেশ্বর রাই নামের এক ব্যক্তির বাড়িতে ভোজের আয়োজন করা হয়েছিল। একটি ছোট নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিলেন।

বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, সাতজনকে উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার হওয়া কয়েকজনকে চিকিৎসার জন্য পাটনায় পাঠানো হয়েছে।

তবে ঘটনাস্থলে সবার আগে পৌঁছেছেন এমন গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের সাড়া দিতে দেরি হয়েছে।

দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে মিজ. সিং বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঘটনাটি ঘটে। আমরা খবর পাই যে ১৫ থেকে ২০ জন শিশু একটি ছোট ব্যক্তিগত নৌকায় যাচ্ছিল। শিশুরা পাশের গ্রামে একটি ভোজে যোগ দিতে যাচ্ছিল।’

জেলাশাসকের বক্তব্য, নৌকোটি বেসরকারি রেজিস্ট্রেশন ছিল। মালিকের এবং পরিচালকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক যখন স্থানীয় হাসপাতালে পৌঁছান, তখন সেখানে উপস্থিত ক্ষুব্ধ স্থানীয়রা জেলা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন।

প্রধানমন্ত্রী মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

সূত্র: বিবিসি বাংলা।