সিজেপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কা তিহার জেলে বন্দি থাকার মধ্যেই পুলিশি পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির কনট প্লেসে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) ‘ত্রিরঙ্গা মার্চ’ বা জাতীয় পতাকা মিছিলের ডাক দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে সাধারণ মানুষকে আগামী ১৬ অক্টোবর বিকাল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি দেশের অন্যান্য শহরের লোকজনকে নিজ নিজ এলাকায় অনুরূপ মিছিল আয়োজনের আহ্বান জানিয়ে সৌরভ দাস ও আশুতোষ রঙ্কার গ্রেফতারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদের ডাক দেন।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে ভিডিও বার্তায় দীপকে বলেন, ত্রিরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়। সম্প্রতি প্রতিবাদ প্রদর্শনের নির্ধারিত স্থান হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া যন্তর মন্তরে ওই দুই নেতা প্রবেশের পর তাদের গ্রেফতারের ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি।
অভিজিৎ আরও জানান, এই ধরনের আহ্বানের জেরে তাকেও গ্রেফতার করা হতে পারে বলে তার আশঙ্কা রয়েছে, তবে এতে তিনি পিছপা হবেন না বা তার মনোবল ভাঙবে না। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, আমার পতাকা আমার গর্ব এবং আমি এটি ওড়াবই।


